খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামে দুতলার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত ৩টার দিকে ডাকাতি হয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা নারায়ণ চন্দ্র রাহা (৭১)আহত হয়েছেন। তবে পালানোর সময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম।
আটক ডাকাতরা হলো, খুলনা মহানগরীর হাবিবনগরের লিটন শেখ (৫০), বসুপাড়ার বাবুল শেখ (৪০) ও তেরখাদার সেলিম খান ওরফে শহীদ (৪৫)।
ডাকাতরা দুই বছরের শিশুর গলায় অস্ত্র ধরে চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করেছে।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন,‘আটক ৩ ডাকাতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাবুল ও লিটনের অবস্থা আশঙ্কাজনক।ডাকাতদের কোপে গৃহকর্তা আহত হয়েছেন। ডাকাতরা ৫টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ও পুলিশ তিন সদস্যকে আটক করে এবং গণপিটুনি দিয়েছে।








