নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে গোলাম হোসেন শিকদার (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম শিকদার তারশি গ্রামের মাজেদ শিকদারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তারাশি গ্রামে উপজেলা নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার হোসেন মোল্যা ও বরকত হোসেন পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। তাদের মধ্যে গত কয়েকদিন দ্বন্দ্ব-সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এরই জেরে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে আবারও সংঘর্ষ বাধলে, বরকত পক্ষের সমর্থক গোলাম হোসেন শিকদার প্রতিপক্ষের লোকজনের আঘাতে নিহত হন বলে অভিযোগ পাওয়া যায়।
বরকত হোসেন জানান, গত ২৪ মার্চ অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের সমর্থক গোলাম হোসেন শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহ্বায়ক বিপ্লব বিশ্বাস বিলোর (আনারস প্রতীক) সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
ওসি ইলিয়াস হোসেন জানান, নির্বাচনি সহিংসতায় নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








