ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকার ফিজিশিয়ান স্যাম্পল। বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার খলিশাকুন্ডি বাজারে এ অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, খলিশাকুন্ডি বাজারের রেনাসাস মেডিসিন সেন্টারের মালিক একেএম আব্দুল মালেককে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে নিউ দৌলতুন ফার্মেসির মালিক সাঈদ হোসেনকে ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে আসছিল। যা সম্পূর্ণ বেআইনি। অভিযানে প্রায় ১০ লাখ টাকার ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) জব্দ করা হয়। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদে’র (ক্যাব) প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে জরিমানা








