ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে খুলনার নদ-নদীতে পানির চাপ বাড়ছে। জোয়ারের পানির চাপে কয়রা ও দাকোপের ৮-১০ স্থানে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। কয়রায় প্রশাসনের সহায়তা ও স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার দশআনি, হরিণখোলা, ঘাটাখালিসহ ৪-৫ জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ পানির চাপে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানির চাপ বাড়ায় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী, মাটিয়াভাঙা ও মোল্যাপাড়া প্লাবিত হচ্ছে। দাকোপ উপজেলার বরনপাড়া, বটিয়াঘাটা উপজেলার মল্লিকের মোড়ের কচি বানিয়া, বারোআড়িয়ার সুন্দরমহলের রাস্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা শনিবার (৪মে) সকাল সাড়ে ৯টার দিকে জানান, ঝড় এখনও শেষ হয়নি। নদীতে পানির চাপ বাড়ছে। তবে এখনও কয়রার কোথাও কোনও বাঁধ ভাঙেনি। তবে ৪-৫ স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। সকালে ঘাটাখালির ভাঙনপ্রবল এলাকার বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করা হয়েছে।
কয়রার বাসিন্দা লিঙ্কন জানান, হরিণখোলার বাঁধ রক্ষায়ও স্থানীয়ভাবে কাজ করা হচ্ছে।








