বাগেরহাটের শরণখোলায় লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী নুরুল আমিন দু’সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন। বুধবার (৮ মে) রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত লাকি শরণখোলার কালিবাড়ি এলাকার খলিল হাওলাদারের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে শরণখোলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে ফোন করে জানায় লাকি গুরুতর অসুস্থ।এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির রক্তাক্ত দেহ পড়ে আছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবারের বরাত দিয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, ওই পরিবারে আগে থেকেই দাম্পত্য কলহ ছিল। খুনের ঘটনায় লাকির স্বামী নুরুল আমিনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই। আসামিকে আটকের জন্য পুলিশের একটি টিম মাঠে রয়েছে।








