ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
মসিউর রহমানের বাড়ি শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকায়। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একাধিক মামলার আসামি মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন ফোর্সসহ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে মশিউর। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে মসিউর গুলিবিদ্ধ হয়।
পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ফেনসিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।








