নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বনের সূর্যমুখী খাল থেকে তাদের বিষ ও মাছসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির এসব তথ্য জানান।
আটক জেলেরা হলেন—নীলফামারীর কচুয়া-চৌরঙ্গী গ্রামের মৃত সিরাজ শেখের ছেলে নাজমুল শেখ ও আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ আলম। তারা মোংলার জয়মনি গ্রামে বসবাস করতেন।
মো. শাহিন কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বনপ্রহরীরা বনের সূর্যমুখী খালে জেলেদের দেখতে পান। এ সময় জেলেরা বনপ্রহরীদের দেখামাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রহরীরা তাদের ধাওয়া করে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক) ও বিষ দিয়ে ধরা চার কেজি ৮শ’ গ্রাম বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে এর আগে গত ১৫ ও ১৬ জুলাই পুলিশ ও বনবিভাগের পৃথক অভিযানে চার জনকে আটক করা হয়।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ ও ডলফিনের অভয়ারণ্য সংরক্ষণসহ বন কেন্দ্রীক অপরাধ দমনে ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বনের সব খালে মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।








