চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে একজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওদুদ মিয়া (৬০)। শনিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওদুদ মিয়া আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ওদুদ মিয়া বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার দুপুরে এলাকাবাসী তার লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।








