মিথ্যা বিজ্ঞাপন দেওয়াসহ অন্যান্য অপরাধে কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২৮ জুলাই) দুপুরে এ জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, শহরের আড়ুয়াপাড়ার আব্দুল জব্বার সড়কের পরী প্রোডাক্টস কারখানা ও মেসার্স বর্ণ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। পরী প্রোডাক্টসের মালিক ইলিয়াছ শাহকে পণ্যের মোড়েকে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা ও মেহেদি পেস্টের ড্রামে কোনও লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে স্কিন লাইট ফেয়ারনেস অ্যান্ড ঘামাচি পাউডার হারবাল পদ্ধতিতে তৈরির মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে ৪৪ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মেসার্স বর্ণ এন্টারপ্রাইজের মালিক সালাউদ্দিন আল মামুনকে পচা অলটাইম কেক দোকানে বিক্রির অপরাধে ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের প্রতিনিধি শেখ মহিদুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইনসাফ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।








