যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে ইছামতি নদী থেকে ইসারত (৩০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা যৌথভাবে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালে মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ইসারত বেনাপোল পৌর সভার ভবারবেড় গ্রামের আইয়ুব আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ইমরান উল্লাহ সরকার বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি দৌলতপুর বিজিবি ক্যাম্পের পাশে মেইন পিলার ১৮/৭ এস এর আর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীতে এক ব্যক্তির লাশ ভাসছে। বেনাপোল পোর্ট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে এলাকাবাসী মৃতের পরিচয় সনাক্ত করে। সে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের বাসিন্দা।
মৃত ইসারতের বাবা আইয়ুব আলী জানায়, সে দুই দিন আগে অবৈধভাবে ভারতে যায়। আজ ইছামতি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে।







