কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রবি বিশ্বাস (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুণ্ডি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। রবি বিশ্বাস রামকৃষ্ণপুর ইউনিয়নের হায়দারেরচর গ্রামের মানু বিশ্বাসের ছেলে।
স্থানীয় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ মণ্ডল জানান, রবিবার সকালে স্থানীয়রা নদীপাড়ে একটি লাশ দেখতে পেয়ে বিজিবি ক্যাম্পে খরব দেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত যুবকের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
সুবেদার জাহাঙ্গীর আলম জানান, সীমান্তের ১৫৭ নম্বর মেইন পিলার থেকে সাতশ গজ দূরে বাংলাদেশ ভূখণ্ডে নদীর পাড় থেকে তারা লাশটি উদ্ধার করেছে। পরে লাশটি পুলিশে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, লাশের পিঠে, গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে এই বিজিবি কর্মকর্তা আরও জানান, গতকাল সন্ধ্যায় নদীতে মাছ ধরতে গিয়ে রবি বিশ্বাস আর ফিরে আসেননি। সকালে নদীর ধারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।








