খুলনার চুকনগরে গাজী আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা শেখ হত্যা মামলার আসামি আব্দুল্লাহ সাকিবের (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সাকিব বগুড়ার শাহজাহানপুর উপজেলার সোনাইদীঘি গ্রামের মো. মোখলেসুর রহমানের ছেলে ও স্থানীয় এক মসজিদের ইমাম।
মামলার নথিতে উল্লেখ, শিখার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয় সাকিবের। আর এর মাধ্যমে তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে উঠে। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সাকিব খুলনার চুকনগরে আসে ও গাজী আবাসিক হোটেলে অবস্থান নেয়। শিখাও ওই হোটেলে যান। পরদিন দুপুরে ওই হোটেলের কক্ষ থেকে শিখার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রাতের যেকোনও সময় শিখাকে হত্যা করে সাকিব পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই রুহুল আজম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় ২০১৮ সালের ৩০ মার্চ সাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন এসআই নিমাই চন্দ্র। শুনানি চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেন এবং আজ (বৃহস্পতিবার) রায় ঘোষণা করেন। এতে ফাঁসি ছাড়াও সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।








