কুষ্টিয়ায় এক নারীকে অপহরণ মামলায় মজিবুর রহমান প্রামাণিক নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই জনকে ১৭ বছর ও চার জনকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই কারাদণ্ডাদেশ দেন।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (নারী ও শিশু) অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
মজিবুর রহমান সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর থানার বাসিন্দা। এছাড়াও দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে পাবনা জেলার মসজিদ ব্র্যাক এলাকার আক্তার হোসেন ও পাবনা সদর উপজেলার খোদাইরপুর খলিফাপাড়া এলাকার মনিরুল ইসলামকে ১৭ বছর এবং পাবনা সদর উপজেলার নতুন বাঙ্গাবাড়ীয়া এলাকার মনিরুল ইসলাম রানা, সোহাগ সরদার, মালিগাছা মধ্যপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ও একই গ্রামের রনি হোসেনকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে এক নারীকে অপহরণ করে নেওয়ার সময় ভেড়ামারার লালনশাহ সেতুর টোল প্লাজায় পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় ওই নারী ৯ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। সেই সঙ্গে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।








