কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো−কুষ্টিয়ার মিরপুর থানা আহম্মদপুর গ্রামের মো. নাজমুল ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার বাসিন্দা মো. রনি। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো−
কুষ্টিয়ার চৌড়হাঁস এলাকার মো. রাব্বি, কুমারগাড়া এলাকার মো. সুজা ও চৌড়হাঁস বড় মসজিদ এলাকার মো. রফিক। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রনি আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সোহাগকে একটি মোবাইল ফোনের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে অভিযুক্তরা। এই ঘটনায় সোহাগের খালু শহিদুল ইসলাম ভেড়ামারা থানায় অভিযুক্ত এই পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেয়।








