নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মোংলা বন্দর, খুলনা ও বাগেরহাটকে মৃত বানিয়েছিল খালেদা জিয়া এবং এরশাদ গোষ্ঠীরা। সেই অঞ্চলটাকে জীবন দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই এ বন্দর আগামী তিন চার বছরের মধ্যেই সম্ভাবনা বন্দরে পরিণত করা হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ১৫তম উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দর এখন আমাদের দেশীয় বন্দর নাই।এই বন্দরের সুযোগ-সুবিধা এখন প্রতিবেশী রাষ্ট্রও গ্রহণ করছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন, বন্দর ব্যবহারকারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি, পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণসহ নতুন ইকুইপমেন্ট সংযোজনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভায় মোংলা-খুলনা মহাসড়ক, খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ, খুলনা-মোংলা রেললাইন স্থাপন ও পদ্মা সেতু নির্মাণের ফলে এ বন্দরের কার্যক্রম বৃদ্ধির কথা উল্লেখ করা হয়।
পরে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সধারণ নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।








