যশোরের বেনাপোল পোর্ট থানার গাজিপুর ও আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা, ৫০ বোতল ফেনসিডিল ও ৯০ গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়। ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা এ তথ্য জানান।
বিজিবি জানায়, বিকালে গাজিপুর চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকাসহ ছোট আচড়া গ্রামের আনসার আলীর ছেলে সুমন হোসেন (৩৫) ও বড় আচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা খাতুনকে (৩০) আটক করা হয়। এসময় গয়ড়া গ্রামের কবির উদ্দিনের মেয়ে হাসিনা খাতুনকে (৩৫) ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অপরদিকে, আমড়াখালি চেকপোস্টে অভিযোন চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ বাগআচড়া এলাকার নূর হোসেনের ছেলে হাফিজুর (৩২) ও যশোর সদরের আমিনুর রহমানের ছেলে হাবিবুর রহমানকে (৩৩) আটক করেন বিজিবি সদস্যরা।
সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








