কারাজীবনে বিশেষ শখ-আহ্লাদ পূরণের সুযোগ কই! তাই এই পৌষ মাসে শীতের পিঠা খাওয়া থেকেও বঞ্চিত বন্দিরা। তাদের পিঠা খাওয়ার ইচ্ছাপূরণ করেছে মেহেরপুর জেল কর্তৃপক্ষ।
শনিবার (১১ জানুয়ারি) সকালে কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয় পিঠা-পুলি উৎসবের। ব্যতিক্রমী এই আয়োজন করেন মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা। এসময় জেলা কারাগারের জেলার শরিফুল আলমসহ কারাগারের দায়িত্বে থাকা অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে শীতের সকালে গরম গরম ভাপা পিঠা পেয়ে খুশি বন্দিরা। কারাগারের বাইরে বন্দিদের অপেক্ষমাণ স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বলেন, এ ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য।
মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা বলেন, ‘শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরি করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। তারা শীতের পিঠা পেয়ে খুবই আনন্দিত। আমরাও মানবিক দায়বধ্যতা থেকে একটু হলেও মুক্তি পেলাম।’
প্রসঙ্গত, বর্তমানে ১০ জন নারীসহ মোট ২৩৬ জন কয়েদি আছে মেহেরপুর জেলা কারাগারে।








