সব ভেদাভেদ ভুলে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য প্রশাসনকে আরও ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে।’
বুধবার (৪ মার্চ) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে এসব সম্পন্ন করতে হবে। কোনও ধরনের অনিয়ন সহ্য করা হবে না।’
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা প্রমুখ।







