ঝিনাইদহের কালীগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। গত চার থেকে পাঁচ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা বলেন, 'চারদিন ধরে জ্বর ছিল, ঠাণ্ডা-কাশি এবং গলাব্যথাও ছিল। আমাদের সঙ্গে আগে থেকে তিনি কোনও প্রকার যোগাযোগ করেননি। গত দুই দিন ধরে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।'
তিনি আরও জানান, করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ইতোমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে করোনা আক্রান্ত কিনা জানা যাবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, 'মারা যাওয়ার পর তার লাশ নেওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যায়নি। লাশ বাড়িতে পৌঁছে দেওয়া, জানাযা, দাফনসহ সবকিছুই পুলিশ করেছে। পুলিশের সঙ্গে একজন ডাক্তার, একজন ইমাম ও পরিবারের সদস্য ছিল। সকালে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।'








