করোনার কারণে ছাঁটাইয়ের প্রতিবাদে এবং বেতনের দাবিতে যশোরে মানববন্ধন করেছে বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে যশোরের বিভিন্ন ক্লিনিকের অর্ধ শতাধিক স্বাস্থ্যকর্মী অংশ নেন। এই সময় ছাঁটাইয়ের প্রতিবাদ, বকেয়া বেতনসহ নিজেদের নানা দাবি তুলে ধরেন তারা।
মানববন্ধন থেকে স্বাস্থ্যকর্মীরা জানান, চিকিৎসকরা ক্লিনিকে না আসায় রোগীরা ফিরে যাচ্ছে। যে কারণে অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছে। ক্লিনিক মালিকরা বিনা বেতনে ছুটি দিয়ে দিয়েছেন। আর যেসব ক্লিনিক খোলা আছে তার মালিকরা বেতন দিচ্ছে না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।
প্রতিবাদকারীরা করোনা পরিস্থিতিতে ক্লিনিক মালিকদের বেতনভাতা দিতে নির্দেশনাসহ খাদ্য সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।








