খুলনায় করোনা উপসর্গ নিয়ে ফের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তির সাড়ে ৪ ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়। তিনি (৬০) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের বাসিন্দা। বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বৃদ্ধা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি হন। তিনি জ্বর-শাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তার করোনা ছিল কিনা।
প্রসঙ্গত, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হলো। এদের মধ্যে ছয় জন হলেন ৬০ বছরের ওপরের। আর খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।








