চুয়াডাঙ্গা শহরে দু'টি গোডাউন থেকে এক হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে জেলা শহরের সাতগাড়ি মহল্লার নজরুল ইসলামের গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউন দু’টি সিলগালা করা হয়।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের সাতগাড়ী মহল্লায় চাল ব্যবসায়ী নজরুল ইসলামের দু'টি গোডাউনে রবিবার (৭ জুন) গভীর রাতে সরকারি চাল ট্রাকে এনে আনলোড করা হয়। সকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোডাউন দু’টিতে অভিযান চালান। তারা একটি গোডাউন থেকে ৬০০ বস্তা এবং আরেকটি থেকে ৬৬৬ বস্তা চাল উদ্ধার করেন।
প্রত্যেকটি বস্তায় খাদ্য অধিদফতরের ৩০ কেজি চাল রয়েছে এবং বস্তার গায়ে লেখা আছে, 'শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ'।
এ সময় গোডাউন মালিক নজরুল ইসলাম বলেন, 'চালের মালিক আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক।' নজরুল ইসলামের কথায় অসঙ্গতি দেখে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান গোডাউন দু’টি সিলগালা করে দেন।








