জোয়ারের পানির চাপে খুলনার কয়রায় ১০০ মিটার সড়ক ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আশপাশের ৬টি গ্রামের মানুষ সংকটে পড়েছেন।
মহারাজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মিজানুর রহমান জানান, স্কুল বাউন্ডারি সংলগ্ন উওর পাশে শাখবাড়িয়া নদী সংলগ্ন অর্জুন খালের গোড়ায় সড়কের প্রায় ১০০ মিটারের অধিক নদী গর্ভে চলে গেছে। শনিবার (২৭ জুন) নদীর ভাঙনে সড়ক ধসে পড়ে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বাঁধ দ্রুত সংস্কার করা না হলে ক্ষতি হবে কয়েক হাজার বিঘা জমির আমন ফসল এবং ঘেরের মাছ।
স্থানীয় স্হানীয় লোকজন জানায়, ওই স্থানের আশেপাশের ৬টি গ্রামের বাসিন্দারা এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে। দ্রুত সময়ের মধ্য রাস্তাটি সংষ্কার করা না হলে স্কুলের সম্পদও নদী গর্ভে বিলীন হতে পারে। এ সড়কটি দিয়ে কয়রা সদর থেকে উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের কাঁচা মালামাল ও বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য পরিবহন করা হয়। সড়কটি ভাঙনের কারণে এখন সব ধরনের যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খালে পানি বেড়ে যাওয়ায় ইট সোলিং রাস্তার কিছুটা ধ্বসে গেছে। সম্পূর্ণ ক্ষতি হয়নি। ফলে মানুষের দুর্ভোগ হওয়ার কিছু নেই। তবে, উপজেলা পরিষদের পক্ষ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।








