কুষ্টিয়ার মিরপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোজাহার আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার মৃত দিদার আলী বিশ্বাসের ছেলে। তিনি হালসা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
স্থানীয় হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক জুমারত আলী জানান, গত ১২ জুলাই কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা শনাক্ত হাওয়ার পর পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইউএনও লিংকন বিশ্বাস জানান, অধ্যাপক মোজাহার আলীর মরদেহ এখনও তার গ্রামের বাড়িতে পৌঁছায়নি। মরদেহ আসার পর স্বাস্থবিধি মেনে দাফন করা হবে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এস এম নুর উদ্দিন আল বাঁকী (৪৮) মারা গেছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়। কুষ্টিয়া এই প্রথম কোনও চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ডাক্তার এস এম নুর উদ্দিন আল বাঁকির বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে।








