কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বেত্রবতী নদী তথা বেতনা নদীর স্লুইজ গেট সংলগ্ন পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল জানান, শনিবার সকালে শাকদাহ বাজার স্লুইজ গেট সংলগ্ন এলাকায় বেত্রবতী নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে তার নেতৃত্বে থানা পুলিশ ও খোরদো ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে লাশটি পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে প্রদীপ (৬০) কুমারের।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে পানি থেকে লাশ তোলার সময় শরীরের কয়েক স্থানে চামড়া ছিলে বা উঠে যায়।
ভারপ্রাপ্ত ওসি হারান বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।







