সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে শনিবার (৩ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০)। সে উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ছাত্রলীগ নেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন তাকে হাতে নাতে ধরে পুলিশে দেয়। ওই তরুণীর বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি জানান, এই ঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার জানান, সোহেল গাজীর কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে।








