যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর স্বামী বাদী হয়ে আব্দুল গফ্ফার (৩৮) নামে একজনের নামে শার্শা থানায় মামলা করেছেন। গফ্ফার একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শার্শার আমলাই গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) মামলা করা হয়।
ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে গেলে গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভিতী দেখিয়ে ধর্ষণ করে। এসময় তার স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে গফ্ফারকে ধরে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে গফ্ফারের স্বজনরা তাকে মারধর করে ছাড়িয়ে নিয়ে যায়। তারা মামলা না করার হুমকি দেয়। শুক্রবার রাতে সে তার স্ত্রীকে নিয়ে থানায় গিয়ে মামলা করেন।
শার্শা থানা পুলিশের তদন্ত (ওসি) তরিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
মামলা করে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীর পরিবার। তবে পুলিশ জানিয়েছে, তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে।
গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, দোষীকে দ্রুত গ্রেফতার করা হোক। এ ব্যাপারে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।







