পাওনা টাকা চাওয়ায় আব্দুল কুদ্দুস খান (৫০) নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মারাত্মক জখম হন নিহতের ছেলে বিপ্লব হোসেন (২৫)।
নিহত আব্দুল কুদ্দুস খান যশোর সদরের নওদা গ্রামের কাটি খানের ছেলে। তিনি যশোর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়িচালক ছিলেন।
আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর ঘোষপাড়া কাঁঠালতলা এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ছয় মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য সময় দিয়েও পরিশোধ করেনি। বিষয়টি বিপ্লব তার বাবাকে জানান। এরপর আজ বিকালে বিপ্লব ও তার বাবা কুদ্দুস খান টাকার জন্য সেলিমের বাড়িতে যান। তখন সেলিম ও লিচুবাগান এলাকার সম্রাট তাদের ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার বাবা কুদ্দুস খান মারা যান।
সার্জারি বিভাগের ডাক্তার শাফাত আদ দীন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কুদ্দুস খানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।








