ব্যক্তিমালিকানাধীন বন্ধ থাকা সব কলকারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সোমবার (২৩ নভেম্বর) অ্যাজাক্স জুটমিল শ্রমিক ক্লাবে এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৫ নভেম্বর মহাসিন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা, ২৬ নভেম্বর আফিল জুটমিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা ও ২৭ নভেম্বর বিকাল ৩টায় ফুলবাড়ী গেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা ।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মো. সিকদার আলী, কাবিল হোসেন, মো. বকতিয়ার, ওয়াহেদ মুরাদ, মো. নুর ইসলাম, নিজাম উদ্দিন, আজাহার, আবজাল হোসেন প্রমুখ।
সভায় শ্রমিক ফেডারেশন নেতারা শ্রমিকদের ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তারা দাবি আদায়ে ৩ দিনের কর্মসূচিও ঘোষণা করেন।








