বাগেরহাটের দুটি পৌরসভার মোট ২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নির্বাচনে বাগেরহাট পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫টি। এরমধ্যে একটি কেন্দ্র বাদে ১৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়া মোরেলগঞ্জ পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, ভোট গ্রহণ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ২৪টি কেন্দ্রর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। তাই প্রতিটি কেন্দ্রেই ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৪জন সদস্য নিয়োজিত করা হবে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর নজরদারিসহ স্টাইকিং ফোর্স ভোটের দিন মাঠে থাকবে।
এছাড়া প্রতিটি পৌরসভায় ২জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩টি মোবাইল টিম থাকবে। ভোটের দিনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে । বাগেরহাট পৌরসভার মোট ভোটার ৩৪ হাজার ২০৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭৭৮ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৪২৫ জন। মোরেলগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩০৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯০ জন এবং নারী ভোটার ৭ হাজার ২১৩ জন। তবে দুটি পৌরসভায়ই আসন্ন ভোটকেন্দ্র করে গত কয়েকদিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে।
/এআর/এমআর/








