খুলনার পাইকগাছা উপজেলায় নাতির দায়ের কোপে দাদি নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত ইব্রাহিম খলিল উল্লাহকে পিতা কামরুল ও মা ফাতেমাসহ আটক করেছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এজাজ শফি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে কামরুল মোড়লের ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (২১) তার দাদি নুরজাহান বিবিকে (৭০) দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় দাদী নুরজাহান রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় ইব্রাহিম খলিল বাইরে থেকে এসে তার দাদী নুরজাহানের গলায় দা দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরত হাল রিপোর্ট শেষে লাশ খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








