ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ওষুধ ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস। এসময় গাড়ির চালক পালিয়ে গেলেও অন্যায়ভাবে ফেনসিডিল ও ওষুধ রাখার অপরাধে 'ডব্লিউ এ ৬৬০৩' নম্বরের ট্রাকটি আটক করা হয়।
বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১১টার সময় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধের চালানটি আটক করেছে কাস্টমস।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, তার কাছে একটি গোপন খবর আসে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে।
এমন সংবাদে কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ সঙ্গীয় একটি দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধসহ ট্রাকটি আটক করে। এর আগে গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।









