সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ২৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এই সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ জেলেদের ব্যবহৃত এফ বি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দফতর) তাদেরকে আটক করে। পরে সন্ধ্যায় তাদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয়। মোংলা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড তৌহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখা জানায়, সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। সাগরে টহলরত কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চণ্ডি’ নামে দুটি টলার আটক করে কোস্টগার্ড। ওই সময়ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
আটকদের সেই সময় সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।









