যশোরের মণিরামপুরে পৌরমেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে কাজী মাহামুদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন (ধানের শীষ) পেয়েছেন মাত্র ১ হাজার ৭০০ ভোট। এছাড়া, মেয়র পদে নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব পেয়েছেন ৪১৪ ভোট।
নির্বাচনে মোট ভোটারের ৭৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মণিরামপুর পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।









