যশোরের বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু এবং চৌগাছায় নূর উদ্দীন আল মামুন হিমেল। তারা দুজনই দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘারপাড়া পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান ৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তাহের জগ প্রতীকে পেয়েছেন ১১০৮ ভোট। এছাড়া ধানের শীষের প্রার্থী আব্দুল হাই মনা পেয়েছেন ২৭৪ ভোট।
এদিকে, চৌগাছা পৌরসভায় বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৬ হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট।
এছাড়া বিএনপির আব্দুল হালিম চঞ্চল ১৪শ' ২৭ ভোট এবং হাতপাখা প্রতীকে মুফতি শিহাবউদ্দিন শিহাব পেয়েছেন ৭৪৫ ভোট।
৯ নম্বর ওয়ার্ডের হাজী সর্দার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএম জটিলতার কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেওয়া হয়। পরে ৬ টা ৪৫ মিনিটে এই কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।









