সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিজয়ের হাসি হেসেছেন মামা-ভাগ্নে ও বেয়াই ও বেয়াইন। নির্বাচিত মামা হলেন সাতক্ষীরা ২নং ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। তিনি ডালিম প্রতীকে ভোট পেয়েছেন ৪৭১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আহসানুল কাদির টেবিল ল্যাম্প প্রতীকে পান ১৫৭৯ ভোট।
এদিকে তার ভাগ্নে মো. কায়ছারুজ্জামান হিমেল সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডে এবারই প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি স্ক্রু ড্রাইভার প্রতীকে পেয়েছেন ২০০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু) টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১৮২০ ভোট।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচিত সৈয়দ মাহমুদ পাপা এবং মো. কায়ছারুজ্জামান হিমেল সম্পর্কে আপন মামা ভাগ্নে।
জয়ী হয়েছেন দুই বেয়াই-বেয়াইনও। বিপুল ভোটে নির্বাচিত এই দুই কাউন্সিলর হলেন সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত শেখ জাহাঙ্গীর হোসেন কালু। তিনি পানির বোতল প্রতীকে ৩২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম জাহানুর হুসাইন পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ১৮২১ ভোট।
অপরদিকে, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নূরজাহান বেগম। জবাফুল প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৮৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না আরা চশমা প্রতীকে পেয়েছেন ৫৮৬৮ ভোট।
পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচিত জাহাঙ্গীর হোসেন কালু এবং নূরজাহান বেগম দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন।
গতকাল ১৪ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।









