তিন দিন আগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী লিমা খাতুনের মরদেহ উদ্ধার করেছে যশোরের মণিরামপুর থানা পুলিশ। মণিরামপুর উপজেলার নেংগুরাহাট মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী লিমা শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন।
রবিবার সন্ধ্যায় তার বাবা সিংহেরখাজুরা গ্রামের বাসিন্দা দিনমজুর শহিদুল ইসলাম এ ঘটনায় একটি জিডি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার সিংহেরখাজুরা গ্রামের একটি বাঁশবাগানের ভেতর লিমা খাতুনের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বিষয়টি মণিরামপুর থানায় জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের মতে, মেয়েটিকে কেউ ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।
মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, ‘মেয়েটি নিখোঁজের পর ২ জানুয়ারি তার বাবা থানায় একটি জিডি করেন। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তিনদিন ধরে নিখোঁজ এবং বাঁশবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’
/জেবি/এফএ/আপ-এআর/








