হেফাজত, জামায়াত, বিএনপি- এরা এক এবং অভিন্ন। হেফাজত জামায়াত বিএনপির বি টিম। এরা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর এক সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যারা হেফাজতে আছে তারা সংবিধান মানতে চায় না, তারা জাতীয় সংগীত গাইতে চায় না, তারা জাতীয় পতাকাকে সম্মান করতে চায় না। এগুলো বিএনপির নেতৃত্বে শক্ত দানা বেধেছে। ২০১৩ সালে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করে মাজা ভেঙে দেওয়া হয়েছে, এই ধর্ম ব্যবসায়ী যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাঁত উপড়ে ফেলে দেওয়া হবে।
এদিন মুজিবনগর স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মুজিবনগরে নির্মিত শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মাহবুবুল আলম হানিফ জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক মুনসুর আলম খান এবং পুলিশ সুপার এসএম মুরাদ আলী।









