বিদেশে পাঠানোর নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের উত্তর কাটিয়ার নিরালা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া থানার আবুল কালামের ছেলে শফিকুল ইসলামকে অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে প্রতারণার মাধ্যমে নগদ তিন লাখ টাকা ও দুই লাখ টাকার সোনার গহনা হাতিয়ে নেন রেজাউল। এরপর থেকে তিনি শফিকুলকে বিদেশ না পাঠিয়ে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে শফিকুল নড়াইলের জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রেজাউলের নামে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলা নং-৯২/১৫, ধারা-৪০৬, ৪১৭, ৫০৬। এই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।
এজাহার সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত রেজাউল শফিকুলকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য সাত লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এবং ভিসা হওয়ার আগেই পাঁচ লাখ টাকা দাবি করেন। শফিকুল ৩১ জুলাই তার কাছে নগদ তিন লাখ টাকা দিতে চাইলে তিনি রাজি না হওয়ায় শফিকুল গহনা বাবদ তার কাছে বাকি দুই লাখ টাকা দেন। এর ১৫ দিন পর তাকে ভিসা দেবেন এ মর্মে ঢাকার উত্তরার ৬নং রোডের ৮নং বিল্ডিংয়ের যোগাযোগ করার কথা বলেন রেজাউল। শফিকুল তার কথামতো সেখানে গিয়ে দেখেন সেখানে কোনও এজেন্সি অফিস নেই।
এরপর শফিকুল তার কাছে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার ফোন রিসিভ করেননি। পরে বহুবার চেষ্টার পর শফিকুল প্রতারক রেজাউলের সাতক্ষীরার বাড়িতে দেখা করলে তিনি তাকে সাগর পথে অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে সান্ত্বনা দেন। কিন্তু শফিকুল এতে রাজি না হয়ে টাকা ফেরত চাইলে রেজাউল টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে তাকে হুমকি দেন।
এভাবে আরও অনেকের কাছ থেকে অভিযুক্ত রেজাউল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
/এআর/ টিএন/আপ-এআর/








