খুলনার ১০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে সাত ঘণ্টার ব্যবধানে চার রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর পৌনে ১টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- আমিনুর রহমান মোল্লা (৮০), নুরুল ইসলাম (৭৫), মিজানুর আকন এবং রেহেনা বেগম (৬১)। হাসপাতালের চিকিৎসক সুহাস রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল জেলার কালিয়া উপজেলা সিংহাসপুর এলাকার আমিনুর রহমান মোল্লা করোনা আক্রান্ত হয়ে গত ৩১ মে সেখানে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় মারা যান। বাগেরহাট শরনখোলা রাজাপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ৪ জুন হাসপাতালে আসেন। সকাল পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এছাড়া বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার বাসিন্দা মিজানুর আকন গত ২৮ মে হাসপাতালটিতে ভর্তি হন। বেলা পৌনে ১২টায় তার মৃত্যু হয়। দুপুর পৌনে ১টার দিকে রেহানা বেগম নামের আরেক করোনা রোগী মারা যান। তিনি নগরীর মিয়া পাড়া এলাকার বাসিন্দা। গত ৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।









