মোংলায় একটি ব্রিজ মাঝখানে ভেঙে খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি নামক এ বিজটি ভেঙে পড়ে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় মিঠাখাল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক যুগেরও বেশি সময় ধরে ব্রিজটি দিয়ে যাতায়াত করা লোকজনের চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে বাড়তি কয়েক কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। ওই এলাকার অনেক নারী ও পুরুষ ইপিজেড ও পোর্টসহ বিভিন্ন কলকারখানায় চাকরি করছেন। ব্রিজ ভেঙে পড়ায় তাদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। তারা দ্রুত ব্রিজটি মেরামত কিংবা নতুন করে করার দাবি জানিয়েছেন।
মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (এলজিআরডি) জানানো হয়েছে। এছাড়া ওখান দিয়ে আপাতত যাতায়াতের জন্য বাঁশ দিয়ে চার দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।









