যশোরে হাবিবুর রহমান (৪৮) নামে এক করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (৪ আগস্ট) ভোরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
যশোর সদরের খোলাডাঙ্গা উত্তরপাড়া এলাকার হাজী ওয়াজেদ আলীর ছেলে হাবিবুর রহমান। তিনি ইজিবাইক চালাতেন। গত ৩১ জুলাই তার করোনা শনাক্ত হয়।
হাবিবুরের ভাই জিয়াউর রহমান বলেন, ‘আজ ভোর ৫টার দিকে ভাবি ফোন করে জানান ভাই আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি ভাইয়ের লাশ একটি খাটে নামিয়ে রাখা হয়েছে।’
কী কারণে আত্মহত্যা করতে পারেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কেউ কারণ বলতে পারছি না। তার আর্থিক অবস্থা এখন ভালো। স্ত্রী আর চার বছরের একটি মেয়ে নিয়ে আলাদা বাড়িতে থাকেন। তবে করোনা হওয়ায় আত্মহত্যা করেছেন কিনা বলতে পারবো না। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই হাসপাতালের ল্যাবরেটরি টেস্টে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ল্যাব আইডি নম্বর ১০০১৩০৯৬/১০৭২।
এ ব্যাপারে জানতে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তবে এর আগে তিনি সাংবাদিকদের বলেছেন, করোনা আক্রান্ত হাবিবুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।









