যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজোয়ান হাসান মোল্যা (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেজোয়ান উপজেলার বনগ্রামের ফারুক হোসেন মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন রেজোয়ান। ১টার দিকে চেঙ্গুটিয়া এলাকায় ইঞ্জিনচালিত একটি ভ্যানকে অতিক্রমকালে যশোরমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। শনাক্ত করে আটকে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









