যশোরের শার্শায় অগ্নিদগ্ধের ৩২ দিন পর আরিশা খাতুন (১০) এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শার টেংরালী গ্রামের নূর হোসেনের মেয়ে আরিশা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর গ্রামের অন্য একটি বাচ্চাকে দেখে আগুনে তেতুল পুড়িয়ে খেতে যায় আরিশা। এ সময় ওড়নাতে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থায় অবনতি হলে ৪৮ ঘণ্টা পর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে মরদেহ গ্রামের বাড়ি আনা হয়। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।









