সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি অলকেশ মণ্ডলকে (২৫) গ্রেফতার করেছেন র্যাব-৬ সিপিসি-১ সদস্যরা। ২১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান র্যাব-৬ অধিনায়ক ইস্তিয়াক হোসাইন।
অলকেশ মণ্ডল জেলার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।
র্যাব-৬ অধিনায়ক জানান, গত ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম আশাশুনি থানার নাকতাড়া কালীবাড়ি বাজারে কালী মন্দিরে পিতামাতার সঙ্গে পূজা দেখতে যায়। সন্ধ্যা ৭টায় পূজামণ্ডপে তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। ভিকটিমের এসএসসি পরীক্ষার এডমিট কার্ড বান্ধবীর বাড়িতে থাকায় তা আনতে তার বাড়ি যায়। ওই দিন আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাকে পূজামণ্ডপে পৌঁছে দিতে যায় বান্ধবীর জ্যাঠাতো ভাই অলকেশ মণ্ডল (২৫)। পথে বাগানের মধ্যে নিয়ে অলকেশ মণ্ডল (২৫) ভিকটিমকে ধর্ষণ করে।
তিনি আরও জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে অলকেশ মণ্ডলের বিরুদ্ধে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামি অলকেশকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা থানার ধোপাডাঙ্গা গ্রাম থেকে গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় অলকেশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।









