চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— জোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও তার ছোট ভাই রাসেল (২৩)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও আলুকদিয়া ইউনিয়নের আনারস প্রতীকের ইসলাম উদ্দিন বিশ্বাস।
আহতরা বলেন, আমরা আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী। বেলা সাড়ে ১১টার দিকে জোড়াঘাটা গ্রামের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দিতে আসি। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন জানান, আহতদের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









