এবার সুন্দরবনে থার্টি ফার্স্ট উদযাপন করেছেন দেশি-বিদেশি ২২৫০ পর্যটক। বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০টি লঞ্চে সুন্দরবনে গিয়ে আকর্ষণীয় স্থানগুলোতে ইংরেজি নববর্ষ উদযাপন করেন তারা। শনিবার (১ জানুয়ারি) সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও সুন্দরবনে প্রকৃতির কাছাকাছি থেকে ইংরেজি নববর্ষ বরণ করেছেন দেশি-বিদেশি ২২৫০ পর্যটক। সুন্দরবনের কটকা, কচিখালি, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, দুবলারচর ও করমজলসহ আকর্ষণীয় স্পটগুলোতে রাতে নৌযানে থেকে নববর্ষ উদযাপন করেছেন তারা। তবে বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন বিধিনিষেধ থাকায় পর্যটকরা আতশবাজি, পটকা, উচ্চশব্দে মাইক না বাজিয়ে লঞ্চের ছাদে বসে নববর্ষ উদযাপন করেছেন। সুন্দরবন বিভাগের পর্যটন নীতিমালা অনুযায়ী বেসরকারি ট্যুর অপারেটরদের ৩০ লঞ্চে তারা এসেছেন। প্রতি লঞ্চে ৭৫ জন করে দেশি-বিদেশি পর্যটক ছিলেন।
সুন্দরবন ট্যুর অপারেটর গোলাম রহমান বিটু বলেন, সুন্দরবন বিভাগের পর্যটন নীতিমালা মেনে এবারও ইংরেজি নববর্ষ উদযাপন করেছেন দেশি-বিদেশি ২২৫০ পর্যটক। বিধিনিষেধ থাকায় পর্যটকরা আতশবাজি, পটকা, উচ্চশব্দে মাইক না বাজিয়ে বর্ষবরণ করেছেন।









