আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে যুগ যুগ ধরে দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে সুন্দরবন সন্নিবেশিত পাঁচ জেলার মানুষ ২০০১ সাল থেকে আজকের দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করে আসছেন।
জানা গেছে, প্রতিটি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতবিক্ষত হয়ে মায়ের মতো উপকূলের কোটি-কোটি মানুষকে নিরাপদে রাখলেও সুন্দরবন এখন নিজেই ভালো নেই। জলবায়ুর পরিবর্তনে পানির উচ্চতা বৃদ্ধি, পরিবেশ দূষণ, ম্যানগ্রোভ এই বনের জীববৈচিত্র্য ধ্বংসকারী চোরা শিকারি ও কাঠ পাচারকারীদের কারণে এর অস্তিত্ব এখন সংকটে।
বনবিভাগ বলছে, তারা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট প্যাট্রোলিংসহ সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার ১৭ বর্গ কিলোমিটার। ২৪ ঘণ্টায় ছয় বার প্রাকৃতিক রূপ বদলানো সুন্দরবনের মোট আয়তনের ৫২ ভাগই এখন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এই বনের মোট আয়তনের ৩১ দশমিক ১৫ ভাগই হচ্ছে জলাভূমি। বিশ্বের সর্ববৃহৎ এই জলাভূমি ‘রামসার’ এলাকা হিসেবে স্বীকৃত। বিশ্বের অন্যান্য ম্যানগ্রোভ বনের তুলনায় সুন্দরবনের জীববৈচিত্র্য অধিকতর সমৃদ্ধ। সুন্দরীসহ এই বনে রয়েছে ৩৩৪ প্রজাতির গাছপালা, ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড। বাঘ, হরিণ, কুমির, কিং কোবারা, বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ছয় প্রজাতির ডলফিন, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ২১০ প্রজাতির মৎস্য সম্পদ।
সুন্দরবন ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে যেমন ক্ষতবিক্ষত হয়ে মায়ের মতো উপকূলের কোটি-কোটি মানুষকে নিরাপদ রাখে- তেমনই এই জনপদের লাখ-লাখ মানুষের জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবেও কাজ করে।
বন বিভাগের হিসাব মতে, ২০০১ সাল থেকে সুন্দরবনে এ পর্যন্ত ৫৫টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে মাত্র ১৭টি। চোরা শিকারিদের বাঘ শিকার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এক শ্রেণির জেলে খালে বিষ দিয়ে মাছ আহরণ করে হুমকির মুখে ফেলেছে সুন্দরবনের মৎস্য ভাণ্ডারকে। পাশাপাশি গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনেরে বিরূপ প্রভাব পড়তে শুরু করে সুন্দরবনে। উজান থেকে মিঠা পানির প্রবাহ না থাকায় জলবায়ু পরিবর্তনেরে সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এখন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও পূর্ণিমা ও আমাবস্যার জোয়ারে সুন্দরবনের সব থেকে উঁচু এলাকা করমরজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রেও ২/৩ ফুট পানিতে তলিয়ে যাচ্ছে। পানিতে নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর ডিম। ফলে কুমিরসহ যেসব বন্যপ্রাণী ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বংশবিস্তার করে- তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।
সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুন্দরবন গবেষক ড. শেখ ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুন্দরবনের ওপর পর্যটকদের চাপ কমানোসহ ইসিএভুক্ত এলাকায় নতুন করে শিল্প কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে। এই ম্যানগ্রোভ বনে লোকবলসহ নৌযানের সংখ্যা বৃদ্ধি, বনের ওপর জীবিকায় নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাসহ শিকারি, কাঠপাচারকারী ও বনে আগুন দিয়ে সম্পদ লুটকারীরা দমন করতে পারলেই রক্ষা পাবে সুন্দরবনের প্রাণপ্রকৃতি।’
এত সংকটের মধ্যেও আশার কথা জানিয়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট প্যাট্রোলিংসহ সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষার চেষ্টা চালাতে হবে। পাশাপাশি ১৫৭ কোটি টাকা ব্যয়ে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কাজ শুরু হলে দ্রুতই সব বন্যপ্রাণীর জরিপ শুরু হবে। আগামী জুন মাসের মধ্যে ৮৪টি পুকুর খনন ও পুনঃখননের মাধ্যমে বন্যপ্রাণীর সুপেয় পানির চাহিদা মেটাবে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এত করে সুন্দরবন অনেক সুরক্ষিত হবে।’









