যশোরের শার্শায় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) বিকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তিনি।
গ্রেফতার সুরাইয়া আক্তার মিষ্টি (২০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। মিষ্টি এর আগে নাভারণ বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করতেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
শার্শার উলাশি বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, বিকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজারে একটি মাইক্রোবাস থেকে নেমে সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে অভিযান চালান। নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন সুরাইয়া আক্তার মিষ্টি। একই সঙ্গে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন।
অভিযানের সময় তার সঙ্গে পুলিশ না থাকায় এবং কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় এক দোকানদার শার্শা থানা পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়। সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পায় পুলিশ।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, খোঁজখবর নিয়ে আমরা নিশ্চিত হয়েছি সুরাইয়া আক্তার মিষ্টি ভুয়া ম্যাজিস্ট্রেট। বিষয়টি তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।









