সাতক্ষীরার তালা উপজেলায় রেহেনা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার নগরঘাটায় ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার (২ মার্চ) সকালে লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত গোলাম হোসেন (৪০) মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে। ত্রিশমাইলে অবস্থিত রায়হান অটোরাইচ মিলে কাজ করতেন তিনি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেহেনা খাতুন, বড় ছেলে নাজিম হাসান ও রাব্বি হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘গোলাম হোসেনের বাড়ি থেকে আমার বাড়ি একশ’ থেকে দেড়শ’ গজ দূরে। সোমবার রাতে তার ছেলে সাগর এসে বলে, বাবার শরীর খারাপ। আমি শুনে বলি, কী হয়েছে? সাগর বলে, বাবার বুকে ব্যথা করছে। এরপর গোলাম হোসেনের বাড়ি গিয়ে দেখি সে মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘গোলাম হোসেনের গলায় দাগ রয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে গলায় ও হাতে দাগ থাকবে কেন? এছাড়া হাতের দুই পাশে ও কাঁধের নিচে দাগ রয়েছে। আমার ধারণা গোলামের স্ত্রী তাকে হত্যা করেছে।’
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমজদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খাঁন জানিয়েছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।







